বিক্ষোভ মিছিলে গিয়ে জামায়াত কর্মীর মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৩:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 126
সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলে গিয়ে অসুস্থ হয়ে দুলাল হোসেন রোকনি (৬০) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার পর শহরে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুরে সদর উপজেলার সায়দাবাদ মোড়ে হাটিকুমরুলের লং মার্চের পথসভায় যাওয়ার পথে জামায়াত নেতা আব্দুস সবুর শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়াত।
মিছিলটি শহরের এসএস রোডের মাহবুব শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে এতে অংশ নেওয়া দুলাল হোসেন রোকনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে আভিসেনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গোনরগাঁতী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি সিরাজগঞ্জের বানিয়াপট্টিতে চালের ব্যবসা করতেন।
আভিসেনা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. ওসমান গনি শামীম এবং জেলা জামায়াতের মুখপাত্র ও সহকারী সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, মিছিলে গিয়ে এক জামায়াত কর্মীর মৃত্যুর খবর পেয়েছেন। তার আগে থেকেই শারীরিক সমস্যা ছিল বলে জানা গেছে। দলের পক্ষ থেকেও ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।

































