স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বৈধ প্রার্থী হলেই স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া যাবে
- সর্বশেষ আপডেট ০১:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 16
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী শাহে আলম বৈঠক করেন।
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। ফলে আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও পাচ্ছে না। কোনো দলীয় মনোনয়ন বা প্রতীকও থাকবে না।
মীর শাহে আলম বলেন, বিএনপি স্থানীয় পর্যায়ে দল-সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট উপজেলা বিএনপি একটি ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী নির্ধারণ করতে পারে। সব ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার বিষয়ে স্থানীয় বিএনপিকে সর্বোচ্চ চেষ্টা করতে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো অবস্থান নেবে না জানিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব বৈধ প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তারা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনকে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসন সহযোগিতা করবে।


































