জনপ্রিয়তার ভিত্তিতেই স্থানীয় নির্বাচনে মনোনয়ন: স্বাস্থ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 123
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাকে দলীয় মনোনয়নের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি।
তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন রয়েছে। এসব নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। স্থানীয় পর্যায় থেকেও তথ্য ও প্রতিবেদন পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রী যাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন, সবাইকে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক নেতাকর্মী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, মিছিল-মিটিং করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। তবে শুধু ত্যাগের কারণে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। নির্বাচনে জয়ী হওয়ার মতো জনসমর্থন ও জনপ্রিয়তা রয়েছে; এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। ত্যাগী নেতাকর্মীদেরও বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।
দেশের স্বাস্থ্যসেবা নিয়ে মন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি নিয়মিত দেশের বিভিন্ন জেলা সফর করছেন। প্রতিটি জেলায় একাধিক হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে। এসব পরিদর্শনের ফলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতাও বাড়ছে।
তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবায় ব্যাপক পরিবর্তন আসবে।
মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। সভায় বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আ. সামাদ আকন্দ বকুল, সদস্য সচিব মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্লুইস গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে কর্মসূচির শেষ পর্যায়ে মন্ত্রী পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।





























