এবার জুলাইয়ের হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০১:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 141
জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানায় দায়ের হওয়া হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দেখানোর শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, কলিমুল্লাহর কোনো রাজনৈতিক পদ নেই। তিনি একজন অধ্যাপক এবং আওয়ামী লীগ সরকারের সময়ও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। সেই কারণেই তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বলে দাবি করেন আইনজীবী।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি দাবি করেন, কলিমুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং মামলার হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে।
শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে কলিমুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ছাত্রজীবন থেকে শিক্ষকতা জীবন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল না। উপাচার্য থাকাকালে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় তাঁকে কারাগারে যেতে হয়েছিল বলেও আদালতকে জানান তিনি।
কলিমুল্লাহ আরও বলেন, জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন এবং সাঈদ হত্যার প্রতিবাদে তিনি কথা বলেছেন। তিনি নিজেকে ‘একজন শিক্ষক’ হিসেবেই উল্লেখ করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত নাজমুল আহসান কলিমুল্লাহকে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। ওইদিন রাত ৮টার দিকে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত হন। পরে এ ঘটনায় কাফরুল থানায় হত্যা মামলা করা হয়।
এর আগে ২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে গত ১৪ জুন উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিননামা দাখিলের অনুমতিও দেওয়া হয়।
তবে কারাগার থেকে মুক্তির আগে গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় সম্প্রতি জামিন পেলেও এবার কাফরুল থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো তাঁকে।
































