সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত
- সর্বশেষ আপডেট ১২:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 23
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচেই বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাঁর সঙ্গে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৯ রানেই অলআউট হয় সেন্ট লুসিয়া কিংস। পরে ৯ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয় গায়ানা।
প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই গায়ানার স্পিনারদের সামনে বিপাকে পড়ে সেন্ট লুসিয়া। দলের হয়ে কামিল পুরান ৩৫ বলে ৪৩ এবং ওবার পিয়েনার ২৮ বলে ৩৫ রান করেন। এ দুজন ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। ১৮.৫ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় কিংসের ইনিংস।
গায়ানার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ৪৭ বছর বয়সে ফাইফার তুলে নিয়ে নতুন করে আলোচনায় আসেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই তারকা।
অভিষেক ম্যাচেই মিরাজও ছিলেন কার্যকর। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন তিনি। জন ক্যাম্পবেলকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ জুটি ভাঙার পর ক্যামল স্যাভরি ও চারিথ আসালাঙ্কাকে আউট করে সেন্ট লুসিয়ার ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
১২০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে কিছুটা চাপে পড়ে গায়ানা। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মিরাজ ৪ বলে মাত্র ১ রান করে আউট হন। তবে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসন ৩৭ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ৯ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গায়ানা। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।




































