বৈঠক করতে যমুনায় এনসিপির চার নেতা
- সর্বশেষ আপডেট ০৬:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 146
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল।
রোববার (৩১ আগস্ট) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে দলটির চার নেতা যমুনায় প্রবেশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা এনসিপিকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানান।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন; এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এনসিপির বৈঠকের পর সন্ধ্যা সাতটায় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, এসব বৈঠকে আগামী নির্বাচন আয়োজনের প্রক্রিয়া, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হবে।






























