বন্যাদুর্গত চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 114
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট বন্যাকবলিত চট্টগ্রামের তিনটি উপজেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী) সফর করবেন। সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর গৃহহারা পরিবারগুলোর কাছে হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ উপলক্ষে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। পাশাপাশি সফরকে ঘিরে দলীয়ভাবেও চলছে নানা আয়োজন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মিত নতুন ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। সফরের সময় প্রধানমন্ত্রী এসব ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন। এছাড়া সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার কর্মসূচিও রয়েছে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালী এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করবেন এবং সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি ঘর আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে হস্তান্তর করবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তাকে এবং দলের সদস্য সচিবকে সোমবার প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। সফর সফল করতে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক সফরসূচি পাওয়ার পর সে অনুযায়ী বাকি প্রস্তুতিও সম্পন্ন করা হবে।





























