থেমে থাকা বাসে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- সর্বশেষ আপডেট ০৮:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 20
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে আরেকটি বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রের মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, পালকি পরিবহনের একটি বাসের চাকা নষ্ট হয়ে যাওয়ায় সেটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে মেরামতের কাজ চলছিল। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে পালকি পরিবহনের বাসটিতে সজোরে ধাক্কা দেয়।
এতে পালকি পরিবহনের বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসীর মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































