গ্যাসচালিত বাসে ভাড়ার নৈরাজ্য
- সর্বশেষ আপডেট ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 15
রাজধানীর সড়কে বাসভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহনকর্মীদের বিরোধ নতুন কিছু নয়। এবার সেই বিরোধের কেন্দ্রে এসেছে গ্যাসে চলা বাসে তেলচালিত গাড়ির ভাড়ার তালিকা টানানোর অভিযোগ।
যাত্রীদের অভিযোগ, গ্যাসে চলাচল করলেও রাজধানীর বিভিন্ন রুটের কিছু বাসে ঝুলছে তেলচালিত গাড়ির ভাড়ার তালিকা। এর সুযোগ নিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
ভুক্তভোগী এক যাত্রী বলেন, আগে যেখানে ৮০ টাকা ভাড়া নেওয়া হতো, এখন সেখানে ৯০ টাকা নেওয়া হচ্ছে। তার অভিযোগ, এভাবে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে অসৎ উপায়ে।
রাজধানীর বিভিন্ন সড়কে এমন কয়েকটি বাসের দেখা মিলেছে। বাসের নিচে গ্যাসের সিলিন্ডার থাকলেও যাত্রীদের কাছ থেকে তেলচালিত গাড়ির তালিকা অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ। তবে বাসটি গ্যাসে নাকি তেলে চলে, সে বিষয়ে অনেক সময় বাসকর্মীরাও নিশ্চিত তথ্য দিতে পারেন না।
এমনই এক বাসকর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি আজকে নতুন আসছি। আমি কিছু জানি না।’
যাত্রীদের অভিযোগ, কোন বাস গ্যাসে আর কোন বাস তেলে চলে; সড়কে চলাচলের সময় তা বোঝার কোনো সহজ উপায় নেই। ফলে ভাড়ার তালিকা ও বাস্তবে আদায় করা টাকার মধ্যে পার্থক্য থাকলেও তা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
এক যাত্রী বলেন, সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ থাকবে না। কিন্তু বাস্তবে তাদের কাছ থেকেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
যাত্রীদের দাবি, বাসে ভাড়ার তালিকা টানানো থাকলেও তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে না। তদারকির ঘাটতির সুযোগে প্রতিদিনই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে যাত্রীদের।


































