ধর্ষণের অভিযোগ, সন্তানসহ চলন্ত বাসের নিচে ঝাঁপ

- সর্বশেষ আপডেট ১২:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 112
গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পান ব্যবসায়ী সোহরাব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার পর দুই সন্তানকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই নারী। এতে তার চার বছর বয়সী বড় ছেলে গুরুতর আহত হয়েছে। তবে ওই নারী ও তার দুই বছর বয়সী ছোট সন্তান প্রাণে বেঁচে যান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় পানের আড়তের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত সোহরাব হোসেনের বয়স ৩৫ বছর। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা এবং মাওনা চৌরাস্তা এলাকায় পান ব্যবসা করেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় এক বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। বাসাভাড়া বকেয়া থাকায় মঙ্গলবার দুপুরে জৈনা বাজার এলাকার বাসা থেকে বাড়ির মালিক তাকে দুই সন্তানসহ বের করে দেন। পরে তিনি সন্তানদের নিয়ে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর নিচে ফুটপাতে আশ্রয় নেন।
ওই নারীর ভাষ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশ্রয় দেওয়ার কথা বলে সোহরাব হোসেন তাকে পানের আড়তসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুই শিশুসন্তানের সামনে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। শিশু দুটির কান্না ও চিৎকারের পরও নির্যাতন বন্ধ করা হয়নি বলে দাবি তার।
পরে ওই নারীকে সেখানে রেখে সোহরাব পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। পরদিন সকালে পানের আড়তে গিয়ে কয়েকজন ব্যবসায়ীর কাছে বিষয়টি জানান। তার অভিযোগ, গৌতম ও শহীদ নামে দুই পান ব্যবসায়ী ৫০০ টাকা দিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন।
বিচার না পেয়ে হতাশ হয়ে দুই সন্তানকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান ওই নারী। একপর্যায়ে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এতে তার চার বছর বয়সী বড় ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




































