পঞ্চগড়ে অপহরণ-ধর্ষণের অভিযোগ, বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০১:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 122
পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের পর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মানসিক চাপের মধ্যে ওই কিশোরী কীটনাশক পান করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সোহেল (২৫) ও মো. রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কিশোরী শালমারা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে যাতায়াতের পথে সোহেল তাকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে গত ১০ সেপ্টেম্বর রাতে সোহেল ও তার সহযোগীরা কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরদিন ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা ওই কিশোরীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এর পরদিন ১২ সেপ্টেম্বর সকালে আসামিদের হুমকি ও মানসিক চাপে সে বাড়িতে কীটনাশক পান করে বলে পরিবারের দাবি। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
মামলার বাদী ও নিহত কিশোরীর বড় ভাই বলেন, তার বোনকে কৌশলে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। পরে আসামিদের হুমকির কারণে সে বিষপান করতে বাধ্য হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর মৃত্যুর পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






























