পুলিশি বাধায় স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী
- সর্বশেষ আপডেট ১০:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 41
রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে জাতীয় চার নেতা স্মরণে বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুলিশের বাধার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। তবে পুলিশ বলছে, অনুষ্ঠান বন্ধ করতে তারা কোনো নির্দেশনা দেয়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।
তবে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে তা স্থগিতের ঘোষণা দেন আয়োজকরা। এর আগে দুপুরের পর থেকেই জাদুঘর প্রাঙ্গণে পুলিশের উপস্থিতি দেখা যায়।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতিকে কিছুটা শঙ্কাজনক মনে করায় অনুষ্ঠানটি স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পুলিশের বক্তব্য ভিন্ন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ অনুষ্ঠানে কোনো বাধা দেয়নি। তবে আয়োজনের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে জানান তিনি।
জাদুঘর প্রাঙ্গণে পুলিশের অবস্থানের বিষয়ে ওসি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয়। এর মধ্যে অনুমতি ছাড়া জাতীয় চার নেতার স্মরণে অনুষ্ঠান আয়োজনের কারণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী এ বিশেষ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা ছিল। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদান তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন সরকারের গুরুত্বপূর্ণ চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। ইতিহাসে এ হত্যাকাণ্ড জেলহত্যা দিবস হিসেবে পরিচিত।
































