নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
- সর্বশেষ আপডেট ০৭:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 43
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের জালকুড়িতে সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালানোর ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে।
এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের মূল সড়কে প্রবেশে বাধা দেয় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে শ্রমিকরা লিংক রোডে উঠে এলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ অব্যাহত রাখেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
এর আগে মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও শ্রমিকরা তা ভেঙে সড়কে উঠে পড়েন। পরে শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।































