সাভারে পুলিশের গাড়িতে আগুন, সাংবাদিক আহত
- সর্বশেষ আপডেট ০২:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 33
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড, পদ্মার মোড় ও উলাইলে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পদ্মার মোড় ও উলাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের পিকআপ ভ্যানে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হেমায়েতপুরে বিজিবি মোতায়েন করা হয়।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তিন গণমাধ্যমকর্মী। তাঁরা হলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টিভির প্রতিনিধি রাইয়ান বিন আমিন ও ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেন।
আহত সাংবাদিকদের ভাষ্য, শ্রমিকদের বক্তব্য নেওয়ার পর ঘটনাস্থলের ভিডিও ধারণের সময় মাস্ক পরা একদল ব্যক্তি তাঁদের পরিচয় জেনে লাঠিসোঁটা ও ইট দিয়ে মারধর করেন। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে বর্তমান বাজারদরে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের বেআইনিভাবে কালো তালিকাভুক্তি বন্ধ এবং অযৌক্তিক ছাঁটাই বাতিলের দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।
সংঘর্ষ ও অবরোধের কারণে শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর বলেন, শ্রমিকেরা তিন দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আশুলিয়ায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।






























