শ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ মিরপুর-১১ স্টেশন
- সর্বশেষ আপডেট ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 24
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এমআরটি পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।
কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই ওই এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না। সেখানে যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশন আবার চালু করা হবে।





























