জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
- সর্বশেষ আপডেট ০৯:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 18
পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা, প্রচার এবং গবেষণা-প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস-২০২৬-এর জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী।
পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে সম্মাননা পেয়েছেন মো. মনির হোসেন। আর পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে পদক অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে পদক পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশ শিক্ষা ও প্রচার বিভাগে সম্মাননা অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস।
পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে পদক পেয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গণমাধ্যমের প্রতিবেদনে ঢাকা বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে, যা উদ্বেগজনক। এ পরিস্থিতি পরিবর্তনে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম।





































