সরকারি ক্রয়ে সময় আরও কমানোর নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৯:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 8
সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিকে (বিপিপিএ) প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার পরিকল্পনা কমিশন চত্বরে বিপিপিএর সম্মেলন কক্ষে সংস্থাটির ১০ সদস্যের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, আইএমইডি সচিব ও পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ার সিরাজুন নূর চৌধুরী এবং পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা ও বিভিন্ন সংস্কার উদ্যোগের ফলে সরকারি ক্রয়ে প্রকিউরমেন্ট লিড টাইম প্রায় ১০০ দিন থেকে কমে ৫৪ দিনে নেমে এসেছে। তবে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে এ সময় আরও কমাতে হবে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সরকারি ক্রয়ে দক্ষতা, প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুত ক্রয় কার্যক্রম সম্পন্ন করা গেলে উন্নয়নের সুফলও দ্রুত জনগণের কাছে পৌঁছাবে।
সভায় সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধি, ক্রয়ের মানোন্নয়ন এবং সরকারি ক্রয় ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন পরিকল্পনা মন্ত্রী।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে প্রতি সপ্তাহে অন্তত একদিন মন্ত্রণালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম তদারকি করবেন বলেও জানান তিনি।
এ সময় বিপিপিএকে চলমান আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ই-জিপি ব্যবস্থা ও ডিজিটাল স্বাক্ষরের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত এবং সরকারি ক্রয়ে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর যাচাই প্রক্রিয়া আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ, তাদের সক্ষমতা বৃদ্ধি, কার্যকর তদারকি ও সময়মতো সিদ্ধান্ত নিশ্চিত করতে বিপিপিএ পরিচালনা পর্ষদের সভা নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
সভার শুরুতে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ সংস্থাটির কার্যক্রম, ই-জিপির অগ্রগতি, চলমান প্রকল্প, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।





































