বন্যা-ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে প্রাণহানি ১৫
- সর্বশেষ আপডেট ০৮:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 22
টানা বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ৪ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত বন্যা ও ভূমিধসের ঘটনায় ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৮ জন। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৬ হাজার ১১৯ জন এবং সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৪ হাজার ৩০৭ জন।
এ পর্যন্ত ক্যাম্পগুলোতে আবহাওয়াজনিত ২৮৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯৫টি ভূমিধস, ১৫৬টি ঝোড়ো হাওয়া এবং ২১টি আকস্মিক বন্যার ঘটনা রয়েছে।
টানা বৃষ্টিতে ২ হাজার ৮০৯টি আশ্রয় আংশিক এবং ১৩টি আশ্রয় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতির মুখে পড়েছে।
ইউএনএইচসিআর জানায়, বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে মানবিক সংস্থাগুলো উদ্ধার, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও অন্যান্য জরুরি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা এখনও রয়ে গেছে।
































