চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
- সর্বশেষ আপডেট ০৯:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 19
ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সরোয়ার আলমগীরকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে নির্বাচিত সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। ইসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব (চ. দা.) এ এস এম ইকবাল হাসানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্যের নাম-ঠিকানাসংবলিত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইজিপিসহ ১৮টি গুরুত্বপূর্ণ দফতরে অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে একই দিন হাইকোর্ট চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এরপর গেজেট প্রকাশ এবং শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।































