পরিবেশ আদালতে সরাসরি মামলা করার অধিকার চান বিশেষজ্ঞরা

- সর্বশেষ আপডেট ০১:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 222
পরিবেশ আদালতে নাগরিকদের সরাসরি মামলা করার অধিকার না থাকায় দেশে কার্যকর পরিবেশ সুরক্ষা ব্যাহত হচ্ছে বলে মত দিয়েছেন পরিবেশ ও আইন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, পরিবেশ আদালত আইন ও পরিবেশ সংরক্ষণ আইন সংশোধন না করা হলে দেশের পরিবেশ রক্ষা সম্ভব হবে না।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) যৌথভাবে আয়োজিত “জলবায়ু পরিবর্তন রোধে পরিবেশ আইন ও আদালতের ভূমিকা” শীর্ষক এক ওয়েবিনারে এসব মতামত উঠে আসে। বুধবার (১০ জুন) বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত ওয়েবিনারে পরিবেশ আইন, পরিবেশ আদালতের কার্যকারিতা, জলবায়ু ন্যায়বিচার এবং নাগরিক অংশগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বর্তমানে পরিবেশ আদালতে সাধারণ নাগরিক সরাসরি মামলা করতে পারেন না, যা আইনের একটি গুরুতর দুর্বলতা। পরিবেশ দূষণের কারণে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত ও অসুস্থ হচ্ছে, এমনকি মৃত্যুবরণও করছে। এই বাস্তবতায় নাগরিকদের সরাসরি মামলা করার অধিকার না থাকা নাগরিক অধিকারের পরিপন্থী।
আলোচনায় বক্তারা আরও বলেন, আইন সংশোধনের ক্ষেত্রে দেশের সামাজিক, রাজনৈতিক ও ভৌগোলিক বাস্তবতার পাশাপাশি মানুষের রীতিনীতি ও ঐতিহ্য বিষয়ক গবেষণার ফলাফল বিবেচনায় নেওয়া জরুরি। তারা পরিবেশ সংরক্ষণ আইনে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশাসনিক জরিমানা আরোপের ক্ষমতা প্রদান, পরিবেশ রক্ষায় পৃথক ফোর্স গঠন এবং পরিবেশ আদালত আইনে নাগরিকদের সরাসরি মামলা করার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, অনেক সময় আইন এমনভাবে প্রণয়ন করা হয় যাতে নাগরিকরা কার্যকর প্রতিকার না পান। আইন প্রণয়নে জনগণের অংশগ্রহণ না থাকায় জনস্বার্থের সঙ্গে আইনের সংঘাত তৈরি হয়। পরিবেশ রক্ষায় কাজ করা ব্যক্তিদের উন্নয়নবিরোধী হিসেবে চিহ্নিত করা হলেও পরিবেশ দূষণকারী ও নদী-খাল দখলদারদের উন্নয়নের সহযোগী হিসেবে উপস্থাপন করা হয়, যা একটি বড় বৈপরীত্য বলে তারা মন্তব্য করেন।
ওয়েবিনারে পরিবেশ আইন বাস্তবায়নের জন্য পৃথক পরিবেশ ফোর্স ইউনিট গঠন, অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করা, পরিবেশ অধিদফতরকে আরও কার্যকর আইন প্রয়োগকারী সংস্থায় পরিণত করা, তদন্ত চলাকালে ব্যাংক হিসাব স্থগিত ও ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা প্রদান, দূষণকারীদের লাইসেন্স বাতিল বা স্থগিত করা এবং পরিবেশ আদালত আইন সংশোধন করে নাগরিকদের সরাসরি মামলা করার সুযোগ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের পরিবেশগত সংকটের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং পরিবেশগত অধিকার রক্ষায় কার্যকর আইন ও শক্তিশালী বিচারব্যবস্থার বিকল্প নেই।
ওয়েবিনারে বক্তব্য দেন পরিবেশ অধিদফতরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. আক্তার মাহমুদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি ডা. লেলিন চৌধুরী, আইপিডির পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিশাত মাহমুদ এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের সেক্রেটারি মেসবাহ উদ্দিন আহমেদ (সুমন)।
এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহনেওয়াজ পাটোয়ারীসহ বিভিন্ন পেশাজীবী, গবেষক, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা এতে অংশ নেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিএলপিএর সেক্রেটারি এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। ওয়েবিনারটি সঞ্চালনা করেন সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ)-এর সিনিয়র পলিসি অ্যানালিস্ট কামরুন্নিছা মুন্না।





































