শিবপুরে ডোবা পরিষ্কারে ইউএনওর উদ্যোগ

- সর্বশেষ আপডেট ০৬:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 114
নরসিংদীর শিবপুর পৌরসভা এলাকায় দীর্ঘদিনের পরিত্যক্ত ডোবা ও ময়লার ভাগাড় পরিষ্কার করে দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশদূষণ রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার জনবহুল ইটাখোলা-মঠখোলা সড়কের বান্দারদিয়া ডিসি রোডের পাশে অবস্থিত ডোবাটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরে ছিল। এতে দুর্গন্ধের পাশাপাশি মশা-মাছির উপদ্রব বাড়ছিল। ভোগান্তিতে পড়ছিলেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
বিষয়টি নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সামিউর রহমান স্থানটি পরিষ্কার ও জনবান্ধব করে তোলার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ডোবা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে ডোবার চারপাশ সংস্কার করে সাধারণ মানুষের হাঁটাচলার উপযোগী করা হবে। পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, কাজটি সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি এলাকাটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।
এ বিষয়ে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সামিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ডোবাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাই জনস্বার্থে স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।



































