চরফ্যাশনে প্রশাসনের নাকের ডগায় ১৬ অবৈধ ইটভাটা!

- সর্বশেষ আপডেট ০৯:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 190
ভোলার চরফ্যাশন উপজেলায় বৈধ লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে দুই দিনের যৌথ অভিযানে পাঁচটি ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্র ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জরিমানার পাশাপাশি কয়েকটি ইটভাটার আগুন নিভিয়ে উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের প্রথম দিন শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার ঘোষেরহাট ও মুন্সিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। এ সময় দুলারহাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় মেসার্স ঢাকা ব্রিকসের ম্যানেজার মো. রিয়াজউদ্দিনকে ২ লাখ টাকা এবং মেসার্স নবাব ব্রিকসের (সাবেক মেসার্স নাভা ব্রিকস) ম্যানেজার মো. আলামিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে মোট ৩ লাখ টাকা আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিসের পাম্পের সাহায্যে পানি ছিটিয়ে ভাটা দুটির আগুন নিভিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ আইচা ও দুলারহাট থানাধীন বিভিন্ন এলাকায় পুনরায় অভিযান চালানো হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশালের ভোলা ক্যাম্প ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। দক্ষিণ চর মানিকা এলাকার মেসার্স আকন ব্রিকস, মেসার্স রাত্রি ব্রিকস এবং ঘোষেরহাট এলাকার মেসার্স জোসনা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ইটভাটায় বৈধ লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে তিনটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটাগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটার মধ্যে মাত্র ১৭টির বৈধ লাইসেন্স রয়েছে। বাকি ১৬টি ইটভাটা প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বছরের পর বছর ইট উৎপাদন করে আসছে। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে এসব অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এসব ভাটার কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
অবৈধ ইটভাটা পরিচালনা এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। কারও সঙ্গে যোগসাজশের কোনো সুযোগ নেই। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

































