ঢাকা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ
- সর্বশেষ আপডেট ০২:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 12
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় টানা দ্বিতীয়বার তৃতীয় অবস্থানে থাকা রাজধানী ঢাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “এই অবস্থা থেকে ঢাকাকে বের করে আনতেই হবে।”
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং নির্বিচারে শিল্পকারখানা স্থাপনের প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি কঠোর আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন তৃতীয়, যা দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, পরিকল্পনাহীনভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে রাজধানীর পরিবেশ ও জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, উন্নত ও সভ্য দেশগুলোতে পরিবেশ ও নগর পরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশেও সেই ধারা অনুসরণ করতে হবে। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের সুযোগ আর দেওয়া যাবে না।
পরিবেশ রক্ষায় জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অনেক মানুষ এখনো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। তাই সরকার ও সমাজের সবাইকে একযোগে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে তিনি জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়—স্থানভেদে উপযুক্ত গাছ নির্বাচন করাও জরুরি। এ সময় তিনি পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৬ জুলাই প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)-এর ২০২৬ সালের গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এর আগের বছর ২০২৫ সালেও একই অবস্থানে ছিল রাজধানী।




































