আছিয়া হত্যা-ধর্ষণ মামলার রায় মঙ্গলবার
- সর্বশেষ আপডেট ০৯:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 10
বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষণা করা হবে।
সোমবার (২৪ আগস্ট) আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন নির্ধারণ করেন।
এর আগে গত বুধবার একই বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শুরু হয়। শুনানি শেষে সোমবার আদালত রায়ের দিন ধার্য করেন।
মামলার প্রধান আসামি শিশু আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন।
একই রায়ে মামলার অপর তিন আসামি—আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখ রায়ের বিরুদ্ধে আপিল করেন।
হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে এখন মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।































