পঞ্চগড়ে শিয়ালের হামলায় আহত ৭, এলাকায় আতঙ্ক
- সর্বশেষ আপডেট ১২:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 30
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতে শিয়ালের হামলায় সাতজন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। ঘটনাগুলোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ কয়েকটি এলাকায় পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন; সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়ার জয়নাল (৩৫)।
আহত ব্যক্তি ও স্থানীয়রা জানান, রাতে বিভিন্ন সড়কে অবস্থান কিংবা গল্পগুজব করার সময় হঠাৎ শিয়ালগুলো এসে তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, আহতদের শরীরে একাধিক ক্ষত পাওয়া যায়। ক্ষতের ধরন বিবেচনা করে তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে গেছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোখলেছুর রহমান বলেন, শিয়ালের হামলায় আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।





























