মহানবীর আদর্শে সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
- সর্বশেষ আপডেট ০৮:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 114
নরসিংদীর পলাশে নিজ সংসদীয় আসনে সফর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সফরের শুরুতে তিনি তার প্রয়াত বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
পরে আয়োজিত বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, প্রয়াত খালেদা জিয়ার আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দোয়া করা হয়।
এ সময় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, জেলা পরিষদ প্রশাসক, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আব্দুল ওয়াহাব রাশেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশাসহ প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী পলাশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নেন। পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম মোল্লার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা।
আলোচনা সভায় ড. আবদুল মঈন খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা। তাই বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনেই বিএনপি বিজয়ী হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই গৌরব পুনরুদ্ধার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী মেধাবীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন। সেই মন্ত্রিসভায় পলাশের কৃতী সন্তান ড. আবদুল মোমেন খানও স্থান পেয়েছিলেন। সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে তিনি নরসিংদীর মর্যাদা বৃদ্ধি করেছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




























