রায়পুরায় রেললাইনের পাশে ২৫০ তালগাছের চারা রোপণ
- সর্বশেষ আপডেট ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 50
নরসিংদীর রায়পুরায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রেললাইনের পাশে ২৫০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার মেথিকান্দা-আশারামপুর এলাকায় প্রায় দুই কিলোমিটার রেললাইনের পাশে চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ সময় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রেললাইনের দুই পাশে পরিকল্পিতভাবে তালগাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতেও তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেললাইনের পাশে পরিকল্পিতভাবে তালগাছ লাগানোর ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবিষ্যতে এসব গাছ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে।
তিনি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।




























