লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা
- সর্বশেষ আপডেট ১২:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 12
লোহিত সাগরে সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর উপকূলে ‘আমজান’ নামে একটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহী গোষ্ঠী।
সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে হুতিদের পক্ষ থেকে হামলার বিষয়টি জানানো হয়। গোষ্ঠীটির দাবি, সৌদি জাতীয় শিপিং কোম্পানি বাহরির মালিকানাধীন জাহাজটিকে ইয়ানবুর উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র বলেন, সৌদি আরবের উপকূলে সৌদি মালিকানাধীন জাহাজটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।
পরে জাহাজটির মালিক সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরি এক বিবৃতিতে জানায়, ‘আমজান’ লোহিত সাগরে হামলার শিকার হয়েছে। জাহাজটির সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বাহরি আরও জানায়, জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ আছেন। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি। ক্রুদের নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশের সুরক্ষা এবং জাহাজটির নিরাপদ পরিচালনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।
ইরানের সমর্থনপুষ্ট হুতিদের সৌদি আরবের সম্পদে হামলার সর্বশেষ ঘটনা এটি। সাম্প্রতিক সময়ে ইয়েমেন ও লোহিত সাগর ঘিরে হুতিদের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।
এর আগে হুতিরা ইয়েমেনের একটি বন্দরে হামলা চালিয়ে সাতজনকে হত্যা এবং সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া বাব আল-মান্দাব প্রণালিতে একটি কার্গো জাহাজে পরপর দুই দফা হামলায় অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
সৌদি তেলবাহী ট্যাংকারে সর্বশেষ হামলার দাবি এমন সময়ে এলো, যখন লোহিত সাগর ও আশপাশের সামুদ্রিক পথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




























