অ্যাটকোর নির্দেশনামূলক বিজ্ঞপ্তির প্রতিবাদে ডিইউজের নিন্দা
- সর্বশেষ আপডেট ০৬:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 38
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) জারিকৃত সাম্প্রতিক নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি সাজ্জাদ আলম খান তপু এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে ডিইউজে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে অধিকাংশ টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা নিয়মিত বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন। এমন বাস্তবতায় কোনো সাংবাদিক যদি উন্নত বেতন, পদোন্নতি বা পেশাগত সুযোগের কারণে অন্য প্রতিষ্ঠানে যোগ দিতে চান, তবে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) এর নামে বিধিনিষেধ আরোপ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অপেশাদারসুলভ।
নেতারা আরও বলেন, সাংবাদিকরা প্রচলিত নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের অধিকার রাখেন। এই স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা হলে তা সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নেবে না।
ডিইউজে নেতৃবৃন্দ শ্রম আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য বেতন, ভাতা, বোনাসসহ সকল পেশাগত অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে অ্যাটকোর জারি করা বিতর্কিত বিজ্ঞপ্তি দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা।
সাংবাদিক নেতাদের মতে, গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বাধীনতা ও অধিকার ক্ষুণ্ন করে এমন সিদ্ধান্ত শুধু অনৈতিকই নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকেও বাধাগ্রস্ত করতে পারে।





































