রংপুরে চার হত্যাকাণ্ড
১০ দিন পর দুই আসামির ডোপ টেস্টের নমুনা সংগ্রহ
- সর্বশেষ আপডেট ০১:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 9
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন পর রোববার (৩০ আগস্ট) রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের নমুনা নেওয়া হয়।
সোমবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
পুলিশ জানায়, রোববার দুপুর সোয়া ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রংপুর কেন্দ্রীয় কারাগারে যায়। সেখানে আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। এ সময় ডিবি পুলিশের সদস্যদের সঙ্গে রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন।
আসামিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কারাগারেই নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়। ডোপ টেস্টের জন্য ডিবির পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে টেকনোলজিস্ট পাঠানোর অনুরোধ করা হলে অনুমতি দেওয়া হয়। পরে সংশ্লিষ্টরা কারাগারে গিয়ে নমুনা সংগ্রহ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, আদালত ডোপ টেস্টের আবেদন মঞ্জুর করার পর আসামিদের নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার কারণে তাদের কারাগার থেকে বাইরে আনা সম্ভব হয়নি। তাই মেডিকেল কলেজের ল্যাবের টেকনোলজিস্টদের কারাগারে নিয়ে নমুনা নেওয়া হয়েছে।
একই পরিবারের চারজনকে হত্যা
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত রংপুর জিলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় পরদিন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন; মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) এবং বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।
হত্যাকাণ্ডের কারণ এবং এতে গ্রেপ্তার দুই আসামির কী ধরনের সংশ্লিষ্টতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এখন ডোপ টেস্টের প্রতিবেদনে তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া যায় কি না, সেটিই দেখার বিষয়।































