কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে নববধূকে ছিনিয়ে নিল প্রেমিক
- সর্বশেষ আপডেট ০২:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 11
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের গাড়ি আটকে নববধূকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় মাইক্রোবাসে ভাঙচুর চালানোরও অভিযোগ করেছেন বরের স্বজনরা।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও বরযাত্রীরা মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন।
মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ ওরফে আতিকুর রহমানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্নাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যান। এতে বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কনের পরিবারের কাছ থেকে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন। স্থানীয়দের কাছ থেকে আরও জানা গেছে, তামান্নার সঙ্গে মিয়াদের আগে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে ওই সম্পর্ক মেনে না নেওয়ায় মিয়াদ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























