ক্ষতি ৩০ লাখ টাকা
সিরাজগঞ্জে আগুনে পুড়ে ছাই ৭ দোকান
- সর্বশেষ আপডেট ০২:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 12
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল, ব্যবসায়িক সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা, এ ঘটনায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হতে পারে।
সোমবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাজারের অন্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক হলেন; সোলেমান তালুকদার, হায়দার আলী, দিগেন্দ্রনাথ সরকার, সাধন কুমার সরকার, ক্ষুদিরাম সরকার, আতাউর ও আব্দুল্লাহ।
তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল আলম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দীর্ঘদিনের ব্যবসার পুঁজি ও মালামাল পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।
এদিকে বাজারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারের বৈদ্যুতিক সংযোগ ও পুরোনো তার নিয়মিত পরীক্ষা করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে আগুন নেভানোর সরঞ্জাম রাখারও দাবি জানিয়েছেন তারা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।




























