রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর ধ্বংস
- সর্বশেষ আপডেট ০১:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 5
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।
বুধবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ধানগড়া মৎস্য আড়তে নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রির জন্য রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আড়তে রাখা প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাছ বিক্রির সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
জব্দ করা মাছগুলো পরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়। সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, আফ্রিকান মাগুর দেশীয় মাছের জন্য ক্ষতিকর হওয়ায় এটি নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে সেগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, নিষিদ্ধ আফ্রিকান মাগুরের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের মাছ বিক্রি বা বাজারজাত করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।






























