অপ্রতিমের মৃত্যুর তদন্ত চায় সিআরএসি,বি
- সর্বশেষ আপডেট ০৭:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 50
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ১৩ বছর বয়সী সন্তান ইশতিয়াক শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ (সিআরএসি,বি) নেটওয়ার্ক। একই সঙ্গে এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানায় সিআরএসি,বি নেটওয়ার্ক।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হয়। প্রায় ২০ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
সিআরএসি,বি নেটওয়ার্ক বলেছে, কোনো শিশু নিখোঁজ হওয়ার পর প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। শিশুটিকে জীবিত ও নিরাপদে উদ্ধারে দ্রুত অনুসন্ধান, তথ্য সংগ্রহ, প্রযুক্তিগত সহায়তা এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিবৃতিতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের তথ্যের বরাত দিয়ে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে গেছে। তবে ২ হাজার ৩৮ শিশুর এখনো সন্ধান পাওয়া যায়নি।
একই সময়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, ওই সময়ে শিশুদের বিরুদ্ধে ৭০৯টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার মধ্যে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, শারীরিক নির্যাতন, যৌন হয়রানি, অপহরণ ও নিখোঁজের ঘটনা রয়েছে। এসব তথ্য শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরে বলে মনে করে সিআরএসি,বি।
সংগঠনটি বলেছে, অপ্রতিমের মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এ ধরনের ঘটনা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পেশাদার তদন্তের দাবি জানিয়েছে সিআরএসি,বি। নিখোঁজ হওয়ার সময় থেকে মরদেহ উদ্ধারের পুরো ঘটনাপ্রবাহ তদন্তের আওতায় এনে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল তথ্য, ফরেনসিক আলামতসহ সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের আহ্বান জানিয়েছে তারা।
তদন্তে যাদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হবে, তাদের প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করারও দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা না করার কথা বলেছে সংগঠনটি।
নিখোঁজ শিশুর বিষয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করার পাশাপাশি পরিবার, পুলিশ, স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশু সুরক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্রুত সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সিআরএসি,বি।
শিশুদের চলাচলের স্থান ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিরাপদ করতে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্যাম্পাস, পার্ক, পাহাড়ি এলাকা ও বিনোদনকেন্দ্রে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি, নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং জরুরি সহায়তার সুযোগ নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া শিশু নিখোঁজ, অপহরণ, নির্যাতন ও সহিংসতার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং শিশু আইন, ২০১৩সহ প্রযোজ্য আইন যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
শিশু সুরক্ষায় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সিআরএসি,বি। নিখোঁজ শিশুদের অনুসন্ধান, উদ্ধার ও পরবর্তী সুরক্ষায় কার্যকর সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি জাতীয় হেল্পলাইন ১০৯ ও ১০৯৮ সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরিরও দাবি জানিয়েছে সংগঠনটি।
সিআরএসি,বি বলেছে, শিশুর নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি শিশুর অধিকার। প্রতিটি শিশুর নিরাপদে বেঁচে থাকা, চলাফেরা, শিক্ষা গ্রহণ এবং সহিংসতা ও শোষণ থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে। জাতিসংঘের শিশু অধিকার সনদের অংশীদার রাষ্ট্র হিসেবে এসব অধিকার নিশ্চিত করা বাংলাদেশের দায়িত্ব।
অপ্রতিমের মৃত্যুর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন, আইন অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করা এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ নেটওয়ার্ক।
































