অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন সায়নী গুপ্ত
- সর্বশেষ আপডেট ০৭:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 223
চলচ্চিত্র বা ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। অনেকের মনেই প্রশ্ন জাগে—এই ধরনের দৃশ্য শুটিংয়ের সময় শিল্পীরা কীভাবে স্বাচ্ছন্দ্য বজায় রাখেন? সম্প্রতি এসব প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় অভিনেত্রী সায়নী গুপ্ত।
একটি ফিল্ম বিষয়ক সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে সায়নী গুপ্ত তাঁর অভিনীত একটি নগ্ন দৃশ্যের শুটিং অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, ওই দৃশ্যটি ধারণ করা হয়েছিল সম্পূর্ণ বন্ধ সেটে, যেখানে গোপনীয়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
সায়নীর ভাষ্য অনুযায়ী, সেটে উপস্থিত ছিলেন কেবল প্রয়োজনীয় টেকনিক্যাল সদস্যরা। তার সঙ্গে ছিলেন সিনেমাটোগ্রাফার এবং আরেকজন ডিরেক্টর অব ফটোগ্রাফি। দুজনই পুরুষ হলেও পুরো পরিবেশ ছিল অত্যন্ত পেশাদার ও সম্মানজনক।

অভিনেত্রী বলেন, বাইরে থেকে এমন দৃশ্যের শুটিং অস্বস্তিকর মনে হলেও বাস্তবে বিষয়টি ভিন্ন হতে পারে, যদি সেটে নিয়ম-কানুন ও পেশাদার আচরণ বজায় থাকে। তাঁর মতে, একটি ফিল্ম সেট মূলত একটি কর্মক্ষেত্র, যেখানে প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে।
সায়নী আরও বলেন, দৃশ্যটি করার সময় তার পুরো মনোযোগ ছিল চরিত্র ও অভিনয়ের ওপর। ব্যক্তিগত সীমা লঙ্ঘনের কোনো অনুভূতি তার হয়নি। বরং কাজের পরিবেশ এতটাই নিয়ন্ত্রিত ছিল যে মানসিকভাবে তিনি ছিলেন সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে।
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন সায়নী গুপ্ত। তিনি জানান, পরিচালক ও টিমের ওপর পূর্ণ আস্থা না থাকলে তিনি এমন সংবেদনশীল দৃশ্যে অভিনয়ে সম্মতি দেন না। তাঁর মতে, এই বিশ্বাসই শিল্পীকে মানসিক নিরাপত্তা ও আত্মবিশ্বাস দেয়।
সায়নীর এই অভিজ্ঞতা অন্তরঙ্গ দৃশ্য নিয়ে প্রচলিত অনেক ভ্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, পেশাদার পরিবেশ ও পারস্পরিক সম্মান বজায় থাকলে এমন দৃশ্যের শুটিংও হতে পারে নিরাপদ, সংযত ও শালীন।




































