চার বিভাগে লং মার্চে যাচ্ছে ১১ দলীয় ঐক্যজোট
- সর্বশেষ আপডেট ০৬:০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 12
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে রাজধানীতে মহাসমাবেশ এবং দেশের বিভিন্ন অঞ্চলে লং মার্চের কর্মসূচি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর গুলিস্তানের মুক্তাঙ্গনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ২ অক্টোবর খুলনা-যশোর-কুষ্টিয়া এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে।
সিলেটগামী লং মার্চ রেলপথে আয়োজনের বিষয়ে শফিকুর রহমান বলেন, সড়কপথের দুরবস্থার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে রেলপথ বেছে নেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী ১৪ নভেম্বর রাজধানীতে সারা দেশ থেকে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে দেশবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হচ্ছে।































