এনসিপি নেতাকর্মীদের মারধরের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০৬:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 153
শরীয়তপুরে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার মামলায় এবং নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া সোহান পাহাড় (২৪) শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া এলাকার বাসিন্দা। তিনি শরীয়তপুর সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, সোহান পাহাড় এনসিপির নেতাকর্মীদের মারধরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণের অভিযোগও রয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মামলার অভিযোগ এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সোহান পাহাড়কে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।































