এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১১:৩৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 31
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জেরে দায়ের হওয়া সাইবার নিরাপত্তাসংক্রান্ত মামলায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বগুড়া সদর থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর পূর্ব মনিপুর এলাকায় অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী। তিনি জানান, প্রাথমিক তদন্তের পর যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে এবং আদালতে হাজির করতে বগুড়ায় নেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গাজী সালাউদ্দিন তানভীর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের অভিযোগ, ওই পোস্টে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। পরে সমালোচনার মুখে গাজী সালাউদ্দিন পোস্টটি মুছে ফেলেন। এরপর রুবেল তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তাসংক্রান্ত মামলা দায়ের করেন।
এদিকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গাজী সালাউদ্দিন পোস্টটি দেওয়ার পর দলের আপত্তির মুখে তা মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি আশ্বাস দেন।
সারজিস আলমের অভিযোগ, দলীয় ব্যবস্থা নেওয়ার পরও গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপির বর্তমান রাজনৈতিক আচরণের সমালোচনা করে বলেন, দীর্ঘদিন যে ধরনের নিপীড়নের অভিযোগ বিএনপি করেছে, এখন ক্ষমতায় এসে একই ধরনের আচরণের অভিযোগ উঠছে। একই পোস্টে তিনি সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। গত শুক্রবার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে গাজী সালাউদ্দিনকে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়। উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের এপ্রিলে সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও পাঠ্যবইয়ের কাগজ ক্রয়ে কমিশন-বাণিজ্যের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবারও এনসিপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন।
































