বাঁশখালীর বন্যাদুর্গত ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর
- সর্বশেষ আপডেট ০৬:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 9
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম সফরের সময় বাঁশখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন।
জেলা প্রশাসন জানিয়েছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং নিজ উদ্যোগে ঘর নির্মাণে অক্ষম এমন ১০০টি পরিবারকে নির্বাচন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে তাদের জন্য দুর্যোগ-সহনীয় ঘর নির্মাণের কাজ চলছে, যা প্রায় শেষ পর্যায়ে।
প্রতিটি ঘর ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের। এতে দুটি কক্ষ এবং ৫ ফুট বাই ৫ ফুট আকারের একটি সংযুক্ত শৌচাগার থাকবে। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কথা মাথায় রেখে নির্মাণে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হচ্ছে।
বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, যেসব পরিবার বন্যায় ঘর হারিয়ে আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছে, তাদের অগ্রাধিকার দিয়ে এই ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং নির্মাণে মান বজায় রাখার নির্দেশনা দিয়েছেন।
জেলা প্রশাসক জানান, সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি জোরেশোরে চলছে। একই সঙ্গে ঘরগুলোর স্থায়িত্ব ও নির্মাণমান নিশ্চিত করতে প্রকৌশলী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব ঘরের নির্মাণকাজ সম্পন্ন হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন ঠিকানা পাবে।































