কিশোরগঞ্জে কাদের সিদ্দিকী
ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ তারেক
- সর্বশেষ আপডেট ০৮:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 159
ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি বলেছেন, দেশে জাতীয় সংকট থাকলেও আন্তর্জাতিক সংকট আরও গভীর, তবে বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা জোরদার এবং নিত্যপণ্যের দাম আরও কমানো প্রয়োজন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে কৃষক শ্রমিক জনতা লীগের কিশোরগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, জাতীয় সংকট বিদ্যমান থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল। এমন বাস্তবতায়ও অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তুলনায় তারেক রহমান দেশ পরিচালনায় অনেক ভালো করছেন বলে তিনি মনে করেন। তবে তিনি বলেন, দেশ পরিচালনায় আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন, বিশেষ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা জরুরি।
সরকারের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সরাসরি বিরোধিতা নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করাকেই তিনি যুক্তিযুক্ত মনে করেন।
শেখ হাসিনার সাম্প্রতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী অভিযোগ করেন, এসব কর্মসূচির কারণে অনেক নেতাকর্মী বিপাকে পড়ছেন। তার দাবি, একটি বক্তব্য বা হুমকির জেরে অনেক নিরীহ মানুষ গ্রেপ্তার হচ্ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন।
পরে কাদের সিদ্দিকী আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

































