সৌদিতে ৩ বাংলাদেশি অপহৃত, মুক্তিপণ দাবি

- সর্বশেষ আপডেট ০৭:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 212
সৌদি আরবের রাজধানী রিয়াদে তিন বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহৃতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুই ভাই ও তাদের এক স্বজন রয়েছেন। অপহরণকারীরা পরিবারের সদস্যদের ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছেন স্বজনরা।
অপহৃত তিনজন হলেন বাঞ্ছারামপুর উপজেলার চর শিবপুর গ্রামের মোসলেম মিয়ার দুই ছেলে মো. কাউছার ও মো. ইসলাম এবং সলিমাবাদ গ্রামের আলম মিয়ার ছেলে মো. মাসুদ।
স্বজনদের ভাষ্য, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কাজ শেষে রিয়াদের বাথা মার্কেট এলাকায় খাবার খেতে যাওয়ার পথে ৮ থেকে ৯ জনের একটি দল তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বিভিন্ন মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের দাবি, এরই মধ্যে একটি পরিবার দেড় লাখ টাকা পরিশোধ করেছে।
অপহৃতদের স্বজনরা জানান, ঘটনার পর থেকেই তিনজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। শুক্রবার সকাল থেকে অপহরণকারীরা ভিডিও কলে যোগাযোগ করে নির্যাতনের দৃশ্য দেখিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দিচ্ছে। টাকা না দিলে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
অপহৃত কাউছার ও ইসলামের ফুফু ময়না বেগম বলেন, শুক্রবার সকালে বিষয়টি জানতে পারেন। সৌদি আরবে থাকা তাদের এক স্বজন পুরো বিষয়টি দেখভাল করছেন। অপহরণকারীরা বারবার টাকা দাবি করায় পরিবার চরম উদ্বেগে রয়েছে।
মাসুদের স্ত্রী মাহমুদা বেগম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার স্বামী ও দুই ভাগিনাকে অপহরণ করা হয়। শুক্রবার সকালে স্বামীর মোবাইল ফোন থেকেই ভিডিও কলে যোগাযোগ করে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা দাবি করে এবং মারধরের দৃশ্য দেখায়।
অন্যদিকে, কাউছার ও ইসলামের মা বলেন, তার দুই ছেলে ও জামাইকে অপহরণ করা হয়েছে। সৌদি আরবে থাকা তার ভাই ইতোমধ্যে দেড় লাখ টাকা দিয়েছেন। এরপরও আরও টাকা দাবি করা হচ্ছে। তিনি বলেন, “আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব? ছোট ছেলে ইসলাম মাত্র এক মাস আগে সৌদি আরবে গেছে, আর বড় ছেলে তিন বছর ধরে সেখানে কাজ করছে।”
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনাটি সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। পাশাপাশি রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতাও চাওয়া হয়েছে। তাদের দাবি, সৌদি পুলিশ উদ্ধার অভিযানে কাজ করছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, সৌদি আরবে তিন প্রবাসী অপহরণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ তাকে অবহিত করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
































