শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে আইনমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 104
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন; এটাই তিনি চান। তার ভাষায়, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারও আইনের পথেই হবে।
শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আগামীর শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বলেছেন। তিনি ফিরে এলে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত। আইন সবার জন্য সমান এবং বিচার আইনের বিধান অনুযায়ীই চলবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুম ও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সত্যের মুখোমুখি হতে হলে তাকে দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে।
শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চুয়াল বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটি ভিডিও কনফারেন্স নয়, বরং একটি রেকর্ড করা অডিও বার্তা ছিল বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে তিনি দেশে থাকুন বা বিদেশে, আইনের দৃষ্টিতে তার অবস্থান পরিবর্তন হয় না বলেও মন্তব্য করেন।
বিচার বিভাগ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, এমন একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সাধারণ মানুষ সর্বোচ্চ আস্থা রাখতে পারবেন। তার মতে, বিচার বিভাগের বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।
তিনি বলেন, বিচারকদের দায়িত্ব কেবল আইন প্রয়োগ নয়, ন্যায়বিচার নিশ্চিত করাও। বিচারকরা যদি সেই দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তাহলে দেশে একটি স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





























