একদিনে আক্রান্ত ১,২১৮
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৬:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 105
দেশজুড়ে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ শিশু।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৭৬৪ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৬ শিশু।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের মধ্যে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৪০ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন।






























