ঢামেকে আশঙ্কাজনক
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আহত
- সর্বশেষ আপডেট ০৯:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 7
রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতের চাচা মো. আশিক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্প এলাকায় একটি দোকানে চা পান করছিলেন আলমগীর। এ সময় একটি প্রাইভেটকারে করে আসা চার দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি জানান, আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান নিতম্বে গুলি লেগেছে। পেশায় তিনি মাছ ব্যবসায়ী এবং বিএনপির একজন কর্মী। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে হলেও বর্তমানে পরিবার নিয়ে মিরপুর-১১ নম্বর এলাকায় বসবাস করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, গুলিবিদ্ধ একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথা, পেট ও নিতম্বে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।






























