দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
- সর্বশেষ আপডেট ০৬:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 39
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা এবং মো. সুজায়েত উল্যার ছেলে।
নিহতের ভাই মো. নাসির জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি ছিল। এক বছর আগে তিনি পরিবারের সদস্যদেরও দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান।
মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।






































