মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ নির্দেশনা

- সর্বশেষ আপডেট ১১:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 60
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে FWCMS-ভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ নির্দেশনার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নির্দেশনা অনুযায়ী, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে নির্ধারিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে। এর বাইরে অতিরিক্ত স্লিপ ইস্যু করা যাবে না।
প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিনের পরীক্ষার ব্যক্তিভিত্তিক তথ্য সংরক্ষণ এবং অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এতে প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি অর্থ আদায় করা যাবে না। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে বারবার পরীক্ষা করানো কিংবা ভুয়া মেডিকেল প্রতিবেদন তৈরি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত পরীক্ষায় আনফিট হলে তার দেশে ফেরত পাঠানোসহ যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে বহন করতে হবে।
এ ছাড়া প্রতিটি সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং পর্যাপ্ত বসার স্থান নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসরণ করে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না।
নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয় শক্তিশালী মনিটরিং টিম গঠন করবে। পাশাপাশি প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।
































