বিজয়নগরে সাড়ে ৪ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

- সর্বশেষ আপডেট ০২:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 82
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে চোরাচালানের সময় প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
শনিবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
বিজিবি জানায়, গত ১১ নভেম্বর রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন সদস্যরা। তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যান তারা।
পরে ঘটনাস্থল থেকে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে। গত নভেম্বর মাসেও বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।






























