ঢাবির নারী শিক্ষার্থীদের দাবির পক্ষে সর্ব মিত্র
- সর্বশেষ আপডেট ০৭:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 11
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের জন্য আবাসিক হল ২৪ ঘণ্টা খোলা রাখা এবং ক্যাম্পাসে অবাধ যাতায়াত নিশ্চিত করার দাবির প্রতি সংহতি জানিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।
শুক্রবার (৭ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নারী শিক্ষার্থীদের ন্যায্য দাবি, নিরাপদ ক্যাম্পাস এবং সমঅধিকারভিত্তিক আন্দোলনের প্রতি তিনি পূর্ণ সমর্থন জানাচ্ছেন।
বিবৃতিতে সর্ব মিত্র চাকমা বলেন, মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও স্বাধীন মতপ্রকাশের কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভিন্ন বৈষম্যমূলক নীতি ও প্রশাসনিক বিধিনিষেধ বহাল রয়েছে, যা একটি প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। নিরাপত্তার অজুহাতে নারী শিক্ষার্থীদের চলাচল সীমিত করা বা আবাসিক সুবিধায় বৈষম্য তৈরি করা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করার অর্থ শিক্ষার্থীদের মৌলিক অধিকার বা স্বাধীনতা খর্ব করা নয়। বরং এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে দিন-রাত সবসময় নারী-পুরুষ নির্বিশেষে সব শিক্ষার্থী নিরাপদে ক্যাম্পাসে চলাচল করতে পারবেন।
নারী শিক্ষার্থীদের সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারী শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। তাই তাদের দাবির আন্দোলন শুধু নারী শিক্ষার্থীদের নয়, পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের অধিকার ও মর্যাদার প্রশ্ন।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চারটি দাবি জানানো হয়। এগুলো হলো— নারী শিক্ষার্থীদের ওপর বিদ্যমান বৈষম্যমূলক নীতি ও বিধিনিষেধ পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংস্কার করা, বৈধ পরিচয়পত্রধারী সব নারী শিক্ষার্থীর জন্য ২৪ ঘণ্টা ক্যাম্পাসে প্রবেশ ও অবাধ চলাচল নিশ্চিত করা, নিরাপত্তার নামে বিধিনিষেধ আরোপের পরিবর্তে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলোকসজ্জা, নজরদারি ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়কে সবার জন্য সমান, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করা।
বিবৃতির শেষাংশে সর্ব মিত্র চাকমা আন্দোলনরত নারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।































