আজ কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মদিন
- সর্বশেষ আপডেট ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 30
উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মদিন আজ। ১৯২৯ সালের ৪ আগস্ট ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়ায় এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন আইনজীবী এবং মা গৌরী দেবী। চার ভাই-বোনের মধ্যে কিশোর ছিলেন সবার ছোট।
কিশোর কুমার ছিলেন একাধারে গায়ক, সুরকার, গীতিকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। ভারতীয় চলচ্চিত্রে সর্বকালের অন্যতম সফল প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি আজও সমান জনপ্রিয়। তার কণ্ঠে অগণিত কালজয়ী গান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।
হিন্দি ও বাংলার পাশাপাশি মারাঠি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়ালম, ওড়িয়া এবং উর্দুসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
সংগীতের পাশাপাশি অভিনয়েও ছিল তার সমান সাফল্য। ‘চলতি কা নাম গাড়ি’, ‘হাফ টিকিট’, ‘পড়োশন’, ‘বাপ রে বাপ’, ‘হাঙ্গামা’, ‘পেয়ার দিওয়ানা’ ও ‘বড়তি কা নাম দাড়ি’সহ একাধিক জনপ্রিয় কমেডি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। এছাড়া ‘নোকরি’, ‘বন্দি’, ‘দূর গগন কি ছাঁও মে’ এবং ‘দূর কা রাহি’র মতো চলচ্চিত্রেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
১৯৮৭ সালের ১৩ অক্টোবর এই কিংবদন্তি শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মৃত্যুর বহু বছর পরও তার গান, অভিনয় এবং সৃষ্টিশীল অবদান তাকে সংগীতপ্রেমীদের হৃদয়ে অমর করে রেখেছে।































