অভিযোগ ইশরাক হোসেনের
কবরের টাকা আত্মসাত করেছে ইউনূস সরকার

- সর্বশেষ আপডেট ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 244
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই শহীদদের কবর পাকা করার জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে সরকারের বিরুদ্ধে আরও অনেক তথ্য তাদের কাছে রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেনি। ফলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। তার অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি। বর্তমান সরকার তাদের তালিকাভুক্ত করতে কাজ করছে।
তিনি আরও বলেন, জুলাই শহীদদের কবর পাকা করার জন্য প্রতিটি কবরের বিপরীতে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সরেজমিনে গিয়ে তিনি অনেক ক্ষেত্রে কবরের কোনো চিহ্নই পাননি। এ প্রসঙ্গে তিনি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন।
আলোচনা সভায় ইশরাক হোসেন বলেন, বিএনপির বিরুদ্ধে গণহত্যা বা রাষ্ট্রবিরোধী অবস্থানের কোনো ইতিহাস নেই। তবে রাজনৈতিক প্রতিপক্ষ অতীতের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, আগের দিনের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান পণ্ড করতে একজন সংসদ সদস্যের নেতৃত্বে সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। তার ভাষ্য, মতভেদ থাকলে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা যেত, কিন্তু এ ধরনের ঘটনার কারণে বিদেশি কূটনীতিকদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।































